গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া কসাই বাড়ী এলাকায় পূর্বের সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিকের উপর হামলা, অবৈধভাবে আটক, চাঁদা দাবি ও টাকা-মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, রাজন ইসলাম রাজু (৪৫) “তদন্ত রিপোর্ট” সাপ্তাহিক পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। সম্প্রতি “আনন্দ টিভি”র সাংবাদিক শাকিল আহম্মেদের করা একটি প্রতিবেদনে অভিযুক্তদের বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ সংগ্রহের সময় রাজুও উপস্থিত ছিলেন বলে জানা গেছে। এরপর থেকেই অভিযুক্তরা তার উপর ক্ষুব্ধ ছিল বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, গত ২৬ মে ২০২৬ রাত আনুমানিক ৮টার দিকে রাজন ইসলাম রাজু দত্তপাড়া কসাই বাড়ী এলাকায় যাওয়ার পথে অভিযুক্ত বিউটি আক্তার (২৮), নবী (৩০), মাহাবুব (২৮), ফারজানা আক্তার (২৫), ইরিন বিবিসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন তার পথরোধ করে। এ সময় তারা তাকে গালিগালাজ করে এবং একপর্যায়ে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, পরে অভিযুক্তরা তাকে টেনে একটি বাড়ির ভিতরে নিয়ে গিয়ে অবৈধভাবে আটক রাখে। সেখানে লোহার রড ও বাঁশ দিয়ে মারধর করা হয়। এতে তার কপালসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। একই সঙ্গে তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, এ সময় তার কাছে থাকা ৩০ হাজার টাকা ও আনুমানিক ১৮ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসে এবং খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। স্থানীয়দের সহায়তায় দুইজন অভিযুক্তকে আটক করা হয় বলেও জানা গেছে।
পরবর্তীতে আহত সাংবাদিককে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে তিনি থানায় এজাহার দায়ের করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত বিউটি আক্তারের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন ব্যক্তিকে ধর্ষণ, চাঁদাবাজি ও ডাকাতিসহ বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানি করার অভিযোগ রয়েছে। মামলা মীমাংসার নামে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগও রয়েছে বলে এলাকাবাসীর দাবি।
ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ, পূর্বে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করেই পরিকল্পিতভাবে তার উপর এ হামলা চালানো হয়েছে।এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।