বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম
কক্সবাজারের টেকনাফ-উখিয়া সীমান্তবর্তী হোয়াইক্যং চেকপোস্ট এলাকায় সিএনজি অটোরিকশায় অভিনব কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের সময় ১৬ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে উখিয়া ৬৪ বিজিবি। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের নাথমুড়াপাড়া গ্রামের মৃত সৈয়দ হোসেনের ছেলে হামিদ হোসেন (১৯)।
বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সকালে বিষয়টি নিশ্চিত করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক।
বিজিবি সূত্র জানায়, অদ্য বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটের দিকে হ্নীলা বাজার এলাকা থেকে কক্সবাজারগামী একটি সিএনজি অটোরিকশা হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যদের সন্দেহ হয়। পরে সেখানে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় বিজিবি’র প্রশিক্ষিত নারকোটিক্স ডগ “হেনরি”।
তল্লাশির একপর্যায়ে ডগ হেনরি সিএনজির ব্যাটারির নিচের অংশে বিশেষভাবে লুকানো স্থানে সংকেত দিলে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালান। পরে কালো কসটেপ দিয়ে মোড়ানো ৮টি মিনি কাট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রতিটি মিনি কাটে দুই হাজার পিস করে মোট ১৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
এ সময় সিএনজির চালক হামিদ হোসেনকে আটক করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি বিজিবিকে জানান, তিনি হ্নীলা এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। ইয়াবা সরবরাহকারী এবং এর সঙ্গে জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে।
তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষা, মাদকবিরোধী অভিযান এবং বিভিন্ন চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।