কামরুল ইসলাম
‘বাংলাদেশ আমার অহংকার’ স্লোগানকে ধারণ করে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে কাজ করে যাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৫ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক মাদক মামলার আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের বীচ পয়েন্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আব্দুর রহিম (৩৭) নামে ওই আসামীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আব্দুর রহিম টেকনাফ সদর ইউপির মহেশখালীয়াপাড়া এলাকার সৈয়দ আহমদের ছেলে। তার বিরুদ্ধে ২০১২ সালে চট্টগ্রামের হালিশহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।সাজা ঘোষণার পর থেকেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, তিনি মহেশখালীয়াপাড়া সংলগ্ন বীচ পয়েন্ট এলাকায় অবস্থান করছেন।
এরপর গত ১১ মে ২০২৬ বিকেল আনুমানিক ৫টার দিকে র্যাবের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।গ্রেপ্তারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, মাদক ও অপরাধের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।