কামরুল ইসলাম,।
টেকনাফ (কক্সবাজার): কক্সবাজারের টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে শীর্ষ মানবপাচারকারী হিসেবে পরিচিত শাকের মিয়া ওরফে শাকের মাঝি (৪২)কে আটক করা হয়েছে। বুধবার (১৩ মে) সন্ধ্যা ৭টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান-এর সার্বিক নির্দেশনা এবং টেকনাফ মডেল থানা-র অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম-এর তদারকিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী-র নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রায় এক ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক শাকের মিয়া ওরফে শাকের মাঝি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ১নং ওয়ার্ডের মুন্ডারডেইল এলাকার কবির আহমদের ছেলে। স্থানীয়ভাবে তিনি দীর্ঘদিন ধরে মানবপাচার চক্রের অন্যতম হোতা হিসেবে পরিচিত বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, আন্দামান দ্বীপপুঞ্জ-এ মানবপাচারের শিকার হয়ে নৌকাডুবির ঘটনায়ও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছিল।
টেকনাফ মডেল থানা সূত্রে জানা গেছে, আটক শাকের মাঝির বিরুদ্ধে মানবপাচার, মাদক, অস্ত্র ও চোরাচালানসহ মোট ১১টি মামলা রয়েছে।
আটক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।