নিজস্ব প্রতিবেদক:
মাফিয়াদের প্রভাবমুক্ত জাতীয় ঐক্যের সরকার গঠন করতে হবে”—এমন দাবি জানিয়েছেন দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী। তিনি বলেছেন, জনগণের একমাত্র আকাঙ্ক্ষা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ। এ লক্ষ্য অর্জনে দল-মত নির্বিশেষে সৎ, সাহসী, সত্যবাদী, নির্ভীক, নির্মোহ ও দেশপ্রেমিক মানুষদের খুঁজে বের করতে হবে।
শনিবার (৮ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে সিটি হার্ট শপিং কমপ্লেক্সের হলরুমে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি ও সোশ্যাল জাস্টিস ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারোয়ার ওয়াদুদ চৌধুরী বলেন, “জুলাই আকাঙ্ক্ষার সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার ও বর্তমান সরকার বেঈমানি করেছে।” জনগণের প্রত্যাশা পূরণে রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহি ও দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, দীর্ঘদিনের দুর্নীতি, অনিয়ম ও প্রভাবশালী মহলের দৌরাত্ম্য থেকে দেশকে মুক্ত করতে হলে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। মাফিয়াদের প্রভাবমুক্ত একটি জাতীয় ঐক্যের সরকার গঠনের মধ্য দিয়ে রাষ্ট্রের সর্বস্তরে জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন আবদুল্লাহ আল মাহমুদ শোয়েব।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উনসত্তরের গণঅভ্যুত্থানের শহীদ আসাদের সহোদর ডা. নুরুজ্জামান, ড. জমিরুল আকতার, সাবেক সচিব কাশেম মাসুদ, মাওলানা ভাসানীর পুত্রবধূ পারভীন নাসের খান ভাসানী, বিএসএস তথ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জসিম উদ্দিন, কৃষিবিদ সাইদুজ্জামান চপল, জাতীয় তরুণ সংঘের সভাপতি ফজলুল হক, ঢাকা বাঁচাও-এর সোহানী শিফা, ড. ক্যাপ্টেন রেজা, মো. শাহ আলম, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক আবুল কালাম আজাদ, এস এম সালাহউদ্দিনসহ অনেকে।
বক্তারা দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং রাষ্ট্রের সর্বস্তরে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।