কক্সবাজার প্রতিনিধি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জাতীয় নির্বাচন পরবর্তী দেশের রাজনৈতিক সংকটের জন্য বিএনপি’ই দায়ী। কারণ বিএনপি জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন করার অঙ্গীকার এবং গণভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। নির্বাচনে বিজয়ের পর সেই বিএনপি গণভোটের গণরায় কে পাশ কাটিয়ে জনরায়ের প্রতি অবজ্ঞা করেছে। সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করে সংকট ঘনীভূত করেছে। অবিলম্বে আগামী সংসদ অধিবেশনে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকর করে আইন পাশ করতে হবে। নচেৎ দেশের মানুষ রক্ত দিয়ে যেভাবে নতুন স্বাধীনতা এনেছিল প্রয়োজনে আবারো রক্ত দিয়ে জনগণের অধিকার বুঝে নিতে বাধ্য হবে। ৪ জুলাই ১১ দলীয় ঐক্য কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার জেলা আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। জেলা জামায়াত আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা নাগরিক পার্টির আহ্বায়ক অধ্যাপক আখতার আলম, জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, জেলা নাগরিক পার্টির সদস্য সচিব মোহাম্মদ ওমর ফারুক, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইউনূস।
উপস্থিত ছিলেন জেলা জামায়াতের মুহাম্মদ হেদায়াত উল্লাহ, সাইদুল আলম, আমিনুল ইসলাম হাসান, এনসিপির আবু আহমেদ ছিদ্দিক, সাঈদ স্বাধীন, জাতীয় যুব শক্তির শামীম ফরহাদ, জাতীয় ছাত্র শক্তির ইঞ্জিনিয়ার জায়েদ বিন আমান, জাতীয় শ্রমিক শক্তির জে এস সানীসহ এগারদলীয় জোটের নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল কক্সবাজার পৌরসভা গেইট থেকে শুরু হয়ে ফজল মার্কেট চত্বরে এসে শেষ হয়।এদিকে উপজেলা প্রচার ও মিডিয়া প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি বলেন, তথ্যের অবাধ প্রবাহের সাথে সাথে মিথ্যাচার ও অপ তথ্যের ছড়াছড়ি আশংকাজনক হারে বেড়ে গিয়েছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি শিকার হচ্ছে ইসলাম ও মুসলিম উম্মাহ। এহেন পরিস্থিতির উত্তরণ ঘটাতে হলে দায়িত্বশীলদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা প্রচার ও মিডিয়া বিভাগ আয়োজিত এ সমাবেশে জেলা সাংগঠনিক সেক্রেটারি এবং প্রচার ও মিডিয়া বিভাগ সভাপতি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম সভাপতিত্ব করেন।